আল্লাহ তা‘আলা সবই জানেন, তবুও বান্দার কাছে শুনতে চান।।।

সূরা ত্ব-হার মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা মুসা আলাইহিস সালামকে জিগ্যেশ করছেন, 'আর, ওহে মুসা! আপনার ডান হাতে ওটা কী?' [ সূরা ত্ব-হা, আয়াত-১৭]
আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার একটা নাম হলো 'আল-বাসীর', অর্থাৎ, তিনি সবকিছু দেখেন। গোটা সৃষ্টিজগতে এমন একটা বিন্দু, এমন একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা নেই যা তাঁর দৃষ্টির আড়ালে। গভীর সাগরতলে যে ক্ষুদ্র নুড়িকণা, সেই নুড়িকণার নিচে তার চেয়েও ক্ষুদ্র যে প্রাণী, সেই প্রাণীর গায়ে থাকা তারচেয়েও ক্ষুদ্র বালিকণা— সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা দেখেন।

আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা যদি সবকিছু দেখেনই, তাহলে মুসা আলাইহিস সালামের হাতে কী আছে, সেটাও কি তিনি দেখতে পাচ্ছেন না? যদি দেখতে পান, তাহলে জিগ্যেশ করলেন কেনো— 'আপনার হাতে ওটা কী?'

মূলত, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা বান্দার সাথে কথোকপথন পছন্দ করেন। তিনি চান যে তাঁর বান্দা তাঁর সাথে মন খুলে কথা বলুক। তিনি জানেন মুসা আলাইহিস সালামের হাতে কী আছে, তা-ও তিনি চাইলেন মুসা আলাইহিস সালামের সাথে আলাপ বাড়াতে। তাই তিনি জিগ্যেশ করলেন— মুসা! আপনার ডান হাতে ওটা কী?'

মুসা আলাইহিস সালামের জবাবটা দেখেন! তিনি বলে উঠলেন না, 'আল্লাহ, আপনি তো সবকিছু দেখছেনই! আপনি কি দেখতে পাচ্ছেন না আমার হাতে এটা কি?'

আল্লাহর প্রশ্নের জবাবে মুসা আলাইহিস সালাম কতো বিনয়, কতো সুন্দর করে উত্তর দিলেন দেখুন। তিনি বললেন:

'এটা আমার লাঠি। এতে আমি ভর দেই। এর সাহায্যে আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি, এবং এতে করে আমার আরো অনেক কাজ হয়'। [ ত্ব-হা, ১৮]

খেয়াল করুন— আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা প্রশ্ন করেছেন শুধু একটা৷ জানতে চেয়েছেন হাতে ওটা কী, কিন্তু মুসা আলাইহিস সালাম জবাব দিলেন তিন তিনটা!

'এটা আমার লাঠি'— আল্লাহকে এটুকু বললেই কিন্তু হয়ে যেতো। কিন্তু মুসা আলাইহিস সালাম এখানে থামলেন না। তিনি বললেন— এতে আমি ভর দেই, এতে করে আমার মেষপালের জন্য গাছের পাতাও পাড়া হয়।

লাঠি দিয়ে টুকটাক আরো অনেক কাজ তো তিনি করেন। সেগুলো মনে না আসায় কিন্তু সেই প্রসঙ্গটা বাদ দিয়ে দেননি। কাজের কথা মনে না আসলেও তিনি বলেছেন— এটা দিয়ে আরো অনেক কাজ আমি করি।

আল্লাহর একটা প্রশ্নের জবাবে মুসা আলাইহিস সালাম তিন তিনটা জবাব কেনো দিয়েছেন, জানেন? তিনি আসলে আল্লাহর সাথে কথা বলাটাকে দীর্ঘায়িত করতে চাইছিলেন। মহামহিম আল্লাহ, বিশ্বজাহানের অধিপতির সাথে কথা বলার সুযোগ— এ কী এতো সোজা কথা? তাই মুসা আলাইহিস সালাম কথা বাড়িয়েছেন যাতে আলাপটাকে দীর্ঘ করা যায়, প্রলম্বিত করা যায়।

আপনার প্রয়োজনের কথা, জীবনে যা কিছু আপনার খুব দরকার— তা ইতোমধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা জানেন। কিন্তু তবুও— তিনি আপনার মুখ থেকে সেগুলো শুনতে পছন্দ করেন, যেমনিভাবে মুসা আলাইহিস সালামের কাছ থেকে তিনি শুনতে পছন্দ করেছেন সেই লাঠির কথা। আপনার প্রয়োজন আল্লাহকে জানান— ঠিক সেভাবে যেভাবে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন আল্লাহর সাথে। খুলে খুলে বলুন সবকিছু, যা মনে আসে, যা ইচ্ছে, যা মন চায়।

আপনি তাঁর সাথে কথা বলছেন— এই দৃশ্যটা আপনার রব খুব খুব পছন্দ করেন।

[ 'কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ' এর একটা অংশ। এই সিরিজটা প্রকাশিত হবে আগামি বইমেলায়, ইন শা আল্লাহ। দুয়ার মুহতাজ 💚 ]
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url