একবার অন্তত মানবিক শোভাযাত্রা হোক
প্রতিবছর পয়লা বৈশাখে লাখ লাখ টাকা খরচ করে মুর্তি, মুখোশ ইত্যাদি বানিয়ে ঢাক-ঢোল পিটিয়ে মঙ্গল শোভাযাত্রা পালন করেন কিছু মানুষ। অন্তত একটিবার তাদের উচিত এতগুলো টাকা এসব মূর্তি মুখোশের পিছনে অপচয় না করে মানুষকে দান করে দেয়া। টিএসসির আশেপাশে কত ভাসমান মানুষ থাকেন অভাবে-অনাহারে। কত মানুষ দ্রব্যমূল্যের উর্ধগতিতে নাভিশ্বাস উঠায় টিসিবির ট্রাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন রোদের মাঝে ঘন্টার পর ঘন্টা।
অথচ মঙ্গল শোভাযাত্রাকারীগণ চাইলেই মানবিক হয়ে উঠতে পারেন। লাখ লাখ টাকা দিয়ে চাল-ডাল, তেল-নুন, গরুর মাংস কিনে অভাবিদের মাঝে বিলিয়ে দিতে পারেন। এতে কী বাঙালি সংস্কৃতি নষ্ট হয়ে যাবে? বাঙালি সংস্কৃতি কী এতই ঠুনকো যে তাকে মুখোশ বানিয়ে অপচয় করে বন্দুকের মুখে চাপিয়ে দিতে হয়।
একটিবার কি মানবিক হয়ে উঠা যায় না? নির্জীব মুখোশের চেয়ে জীবিত মানুষের হাসি কি অধিক মূল্যবান নয়?